দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আফগান প্রতিনিধিদল সরকারি সফরে বাংলাদেশে এসেছে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বে প্রতিনিধিদলে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন খাতের পাঁচজন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, আমদানি–রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং যৌথ বিনিয়োগের সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করতে এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষ সম্ভাব্য সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের মাধ্যমে আফগান ব্যবসায়ীরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন, যা তাদের পণ্যের রপ্তানি বৃদ্ধিতে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি জোরদারে সহায়ক হবে। আফগান মন্ত্রণালয় এই ধরনের উচ্চপর্যায়ের সফরগুলোর গুরুত্ব তুলে ধরে বলেছে, এটি আফগানিস্তানের জাতীয় অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সংযোগ তৈরি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: আরিয়ানা নিউজ











