দামেস্কে ১২০ বছরের পুরনো মেডিকেল পুনরায় চালু করছে তুরস্ক

দামেস্কে ১২০ বছরের পুরনো মেডিকেল পুনরায় চালু করছে তুরস্ক
দামেস্কে ১২০ বছরের পুরনো মেডিকেল পুনরায় চালু করছে তুরস্ক। ছবি : আরটি

তুরস্ক সিরিয়ার রাজধানী দামেস্কে ১২০ বছরের পুরনো ‘উসমানীয় মেডিকেল স্কুল’ পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য কূটনীতি, শান্তি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তুরস্কের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রধান কামালেদ্দিন আইদিন বলেছেন, ‘দামেস্কে উসমানীয় মেডিকেল স্কুল অতীত এবং বর্তমানের মধ্যে জ্ঞানের ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’

তিনি জানান, ১৯০৩ সালে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এখন এটি পুনরায় চালু করতে তুরস্ক ও সিরিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় কাজ করা হবে।

আইদিন আরও বলেন, তুরস্কের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সিরিয়ার চব্বানবাই (আল রাই) এলাকায় একটি মেডিকেল কলেজ পরিচালনা করছে। দামেস্কে এই উসমানীয় মেডিকেল স্কুল চালু হলে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো দামেস্কে এ প্রতিষ্ঠানকে পুনরায় চালু করে স্থানীয় জনগণের জন্য নতুনভাবে স্বাস্থ্য ও আশার আলো ফিরিয়ে আনা। স্বাস্থ্য কূটনীতি হলো শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ করব এবং এই অঞ্চলের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলব।’

বিদ্যালয়ের ইতিহাস

দামেস্কে উসমানীয় মেডিকেল স্কুল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ-এর নির্দেশে ২৭ সেপ্টেম্বর ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি তৎকালীন শাম অঞ্চলে ইসলামী জনমত শক্তিশালী করা এবং বৈরুতের বিদেশি মেডিকেল স্কুলগুলোর বিকল্প হিসেবে একটি স্থানীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা হয়।

প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টি দুটি শাখা নিয়ে কাজ শুরু করে—মানব চিকিৎসা এবং ফার্মেসি। মানব চিকিৎসার কোর্সের মেয়াদ ছিল ছয় বছর এবং ফার্মেসির মেয়াদ ছিল তিন বছর।