আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া সামরিক হেলিকপ্টারগুলো ফেরত চেয়েছে। ইসলামিক আমিরাত জানিয়েছে, তারা এ বিষয়ে গভীরভাবে নজর রাখছে এবং হেলিকপ্টারগুলোর প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারগুলো আফগান জনগণের সম্পদ এবং সেগুলো অবশ্যই আফগান সরকারের কাছে ফেরত আসতে হবে। দেশটির বাইরে সেগুলোর স্থানান্তর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তানের সাবেক মার্কিন সমর্থিত সরকার পতনের আগে এর কিছু কর্মকর্তারা হেলিকপ্টারগুলো উজবেকিস্তানে সরিয়ে নিয়েছিলেন। এর পর সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে, যা আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জনগণের অধিকারের বিরুদ্ধে যায়।
ইসলামিক আমিরাত আফগানিস্তান প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলা হয়েছে, হেলিকপ্টার ফেরতের বিষয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে।
উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের সময় দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার পার্শ্ববর্তী দেশগুলোতে নিয়ে যাওয়া হয়। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে জানা গেছে, উজবেকিস্তানে অবস্থান করা সাতটি হেলিকপ্টার সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে।
সূত্র : হুররিয়াত রেডিও











