ভারত মহাসাগরের ঢেউ অনেক আগে থেকেই আরব উপদ্বীপের তীরে শুধু লোনাজলের গন্ধই বয়ে আনত না, সঙ্গে আনত দূরদেশের গল্প, বাণিজ্যের স্বপ্ন আর নতুন পথের ইশারা। আর সেই ডাকেই সাগরমুখী হয় আরব মুসলমানরা।
মৌসুমি বাতাসকে পথনির্দেশক বানিয়ে আর নক্ষত্রের গতিপথ ধরে তাঁরা গড়ে তোলেন এক বিস্তৃত সামুদ্রিক বাণিজ্যপথ। যা আরব ভূমিকে যুক্ত করে আফ্রিকার উপকূল আর ভারতের বন্দর থেকে শুরু করে সুদূর চীনের সাথে।
সাগর তখন কেবল পণ্যের পথ নয়; ছিল সংস্কৃতি, বিশ্বাস আর সভ্যতারও সেতুবন্ধন। সময়ের প্রবাহে সেই নৌপথ পণ্য বিনিময়ের পাশাপাশি জন্ম দেয় ভাষা, ধর্ম ও সভ্যতার নতুন বিন্যাস।
সাগর তখন কেবল পণ্যের পথ নয়; ছিল সংস্কৃতি, বিশ্বাস আর সভ্যতারও সেতুবন্ধন। সময়ের প্রবাহে সেই নৌপথ পণ্য বিনিময়ের পাশাপাশি জন্ম দেয় ভাষা, ধর্ম ও সভ্যতার নতুন বিন্যাস।
মধ্যযুগে এডেন, সুর এবং মাসকট হয়ে ওঠে ভারত মহাসাগরীয় বাণিজ্যের প্রধান কেন্দ্র। এসব বন্দরে দিনরাত ভিড় করত ধূপ, সোনা, লোবান এবং হাতির দাঁতবোঝাই জাহাজ। বাণিজ্যের সঙ্গে আরব নাবিকেরা দূরদূরান্তের অঞ্চলের যোগাযোগও বাড়িয়ে তোলেন। বন্দরনগরীর ব্যস্ততার সঙ্গে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ সরাইখানা আস সাহন, খান আল জুমরুক এবং খান আল হান্না। এগুলো ছিল বণিকদের বিশ্রামাগার এবং পণ্য সংরক্ষণের জায়গা। দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা জাহাজ নোঙর করে সরাইখানাগুলোতে রাত্রিযাপন করতেন, রসদ নিতেন পরবর্তী যাত্রার প্রস্তুতি নিতেন।


সপ্তম শতাব্দী থেকেই মৌসুমি বাতাসের সুবিধা নিয়ে আরব মুসলিম ব্যবসায়ীরা আফ্রিকার উপকূল থেকে পূর্ব এশিয়া পর্যন্ত নিয়মিত যাতায়াত শুরু করেন। তাঁদের মাধ্যমেই উপকূলীয় বহু নগরে ছড়িয়ে পড়ে আরবি ভাষা, প্রতিষ্ঠিত হয় মসজিদ। জানজিবার, কলকাতা এবং সুমাত্রার মতো বন্দরগুলোতে গড়ে ওঠে স্থায়ী মুসলিম সম্প্রদায়। বাণিজ্য হয়ে ওঠে ধর্মের বিস্তার, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির অন্যতম বড় শক্তি।
বাণিজ্যে এডেনের গুরুত্ব ছিল অসামান্য। এখান থেকেই বড় বড় সামুদ্রিক কাফেলা আফ্রিকার উপকূল, ভারত এবং চীনের দিকে পাড়ি দিত। আরব ব্যবসায়ীরা সুগন্ধি মসলা, লোবান এবং হাতির দাঁতের বাণিজ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুনাম অর্জন করেন। ইউরোপীয় শক্তির উত্থানের আগে পূর্ব ও পশ্চিমের মধ্যে কার্যত সেতুবন্ধের ভূমিকা পালন করত এডেন।
পূর্ব আফ্রিকার জানজিবার সপ্তদশ শতাব্দীর পর থেকে আরব বণিকদের প্রধান ঘাঁটি হয়ে ওঠে। লবঙ্গ ও হাতির দাঁতের বাণিজ্য দ্বীপের সমৃদ্ধি বৃদ্ধি করে; আরবি ভাষাও সরকারি স্বীকৃতি পায়। আরব ও আফ্রিকান সংস্কৃতির মিশ্রণে যে সোয়াহিলি পরিচয় গড়ে ওঠে, তার ছাপ আজও টিকে আছে ভাষা, ধর্ম ও স্থাপত্যে।
ভারতের উপকূলে নবম শতাব্দী থেকে কেরালা থেকে গোয়া পর্যন্ত আরব বণিকরা একের পর এক বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই সম্পর্কের মধ্য দিয়ে ভারতের কিছু মুসলিম সম্প্রদায় আজও আরব বংশসূত্রের ঐতিহ্য ধারণ করে। ভারত আরব পণ্যের প্রধান বাজার হিসেবে বিকশিত হয় এবং পরবর্তীতে মসলা ও বস্ত্রের মূল উৎসে পরিণত হয়। মুসলিম সাম্রাজ্যের শাসনামলে বাণিজ্য আরও বিস্তৃত হয়, যার প্রভাব রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতি সব দিকেই লক্ষ্য করা যায়।
তবে পঞ্চদশ শতাব্দীতে পর্তুগিজদের আগমনে ভারত মহাসাগরীয় বাণিজ্যের চিত্র পাল্টে যায়। ইউরোপীয়রা ধীরে ধীরে সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেয় এবং এডেন ও মাসকটসহ গুরুত্বপূর্ণ আরব বন্দর আক্রমণ করে। এতে আরবদের সামুদ্রিক বাণিজ্য দুর্বল হয়ে পড়ে এবং ভারত মহাসাগরের বাণিজ্যে প্রাধান্য প্রতিষ্ঠা করে ইউরোপীয় শক্তিগুলো।
তবু পথ হারিয়ে গেলেও পুরোনো বন্দরগুলোতে আরবীয় সংস্কৃতির ছাপ মুছে যায়নি। জানজিবার, কেনিয়া এবং কমোরো দ্বীপপুঞ্জে আরবি বহু শতাব্দী ধরে ধর্ম ও ব্যবসার ভাষা হিসেবে টিকে আছে। উপকূলজুড়ে ছড়িয়ে থাকা মসজিদ, পাথুরে স্থাপত্য এবং স্থানীয় ভাষার ভেতর লুকিয়ে থাকা আরবীয় শব্দাবলি এখনো মনে করিয়ে দেয় সেই সমৃদ্ধ যুগের কথা, যখন আরব নাবিকরা সমুদ্রকে বশ করে বাণিজ্য ও সংস্কৃতির নতুন মানচিত্র এঁকে দিয়েছিলেন।
আজ প্রশ্ন উঠছে, বৈশ্বিক বাণিজ্যে আরবরা কি আবারও নেতৃত্ব ফিরে পেতে পারে? সময়ই দিতে পারে এই প্রশ্নের উত্তর। তবে ইতিহাস বলে, সমুদ্র এবং নতুন সম্ভাবনার দরজা তাদের জন্য সবসময়ই উন্মুক্ত ছিল।











