২০২৪ সালে মিশরের সুয়েজ খাল ৭ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি বৃহস্পতিবার সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবির সঙ্গে বৈঠকে এই তথ্য জানেন।
প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সুয়েজ খালের আয় ৬০ শতাংশের বেশি কমে গেছে। এ ক্ষতির পেছনে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলাকে দায়ী করা হয়েছে। ইসরায়েলগামী ও হুথিবিরোধী জোটের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো এবং ইয়েমেনে পাল্টা হামলার কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, লোহিত সাগরের উত্তেজনার কারণে সুয়েজ খালের আয়ের ৭০ শতাংশ ক্ষতি হয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় এ ক্ষতি মিশরের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে।
বৈঠকে সুয়েজ খালের নৌযান চলাচলে আঞ্চলিক অস্থিরতার প্রভাব এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ শানাওয়ি জানান, খালের গুরুত্ব বাড়াতে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এর ভূমিকা জোরদার করতে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ অংশের উন্নয়নকাজের সমাপ্তি এবং কিলোমিটার ১৩২ থেকে ১৬২ পর্যন্ত নৌপথ সম্প্রসারণ, যা বড় জাহাজ চলাচলের সুযোগ বাড়াবে। এছাড়া, কিলোমিটার ১২২ থেকে ১৩২ পর্যন্ত নৌপথের সম্পূর্ণ দ্বিমুখী চলাচল চালু করা হয়েছে। এতে জাহাজ চলাচলের গতি ও পণ্য পরিবহন বাড়বে।
সূত্র: আল জাজিরা











