দুই মাসের ব্যবধানে চারটি পৃথক মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরিয়ার বিভিন্ন আদালত। ধর্ষণের পর হত্যা, পরিকল্পিত খুন, ডাকাতিসহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে এসব রায় দেওয়া হয়েছে। গত নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির শুরু পর্যন্ত সময়ে দেশটির চারটি প্রদেশে এসব রায় ঘোষণা করা হয়।
গত ৪ নভেম্বর দেইর আজ জোরের ফৌজদারি আদালত ২২ বছর বয়সী ইউসুফ আল দাহামকে মৃত্যুদণ্ড দেন। আদালতের রায়ে বলা হয়, আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর তাকে হত্যা করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এর পর ১২ ডিসেম্বর হোমসের ফৌজদারি আদালত মানসুর ইসমাইল ও আলি মুহাম্মদকে মৃত্যুদণ্ড দেন। গয়না ব্যবসায়ী এক স্বর্ণকারকে হত্যা ও লুটের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
২৫ ডিসেম্বর দামেস্কের দ্বিতীয় ফৌজদারি আদালত মুহান্নাদ ফারহান আল মুহাম্মদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গত বছরের শুরুতে এক ট্যাক্সিচালককে সহিংসভাবে ইচ্ছাকৃত হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
সবশেষ ১ জানুয়ারি হামার ফৌজদারি আদালত মুহাম্মদ জামুলকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ অনুযায়ী, তিনি ছুরি দিয়ে বাবা-মা ও নিজের ভাইকে জবাই করে হত্যা করেন। আদালত এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে মৃত্যুদণ্ড দেয়।











