বিএনপিকে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন আরএসওর অভিনন্দন বার্তা

রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রোহিঙ্গাদের এই সংগঠন।
20260213_190753

২০২৬ সালের নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির শীর্ষ নেতৃত্বকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও-RSO)। আরএসওর ভেরিফাইড এক্স একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় আরএসও উল্লেখ করেছে, ‘বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন রোহিঙ্গা জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, ‘আঞ্চলিক এক জটিল সময়ে তাঁর দূরদর্শী নেতৃত্ব রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে আজও গভীর শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছে।’

বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনকালেও রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক ও জোরালো সমর্থনের কথা উল্লেখ করা হয়। আরএসও মনে করে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁদের এই অবদান চিরস্থায়ী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কয়েক দশকের উচ্ছেদ ও নিপীড়নের শিকার রোহিঙ্গা জাতি বাংলাদেশের সাধারণ মানুষের ত্যাগ ও আশ্রয়ের কথা কখনো ভুলবে না। এটি কেবল রাজনৈতিক সম্পর্ক নয়, বরং এক গভীর মানবিক বন্ধন।’

নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে আরএসও জানায়, জিয়াউর রহমানের মতোই বর্তমান নেতৃত্ব মুসলিম উম্মাহর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিক দিকনির্দেশনা প্রদান করবেন। একইসাথে, এই বলিষ্ঠ নেতৃত্বের অধীনেই রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অধিকারভিত্তিক স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত হবে বলে তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে।

পরিশেষে, মর্যাদা, ন্যায়বিচার এবং আঞ্চলিক দায়িত্ববোধের ভিত্তিতে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রোহিঙ্গাদের এই সংগঠন।