ইসরায়েলি বিমান হামলায় গাজার সাংবাদিক মুহাম্মদ আল তালমাশ শহিদ

ইসরায়েলি বিমান হামলায় গাজার সাংবাদিক মুহাম্মদ আল তালমাশ শহিদ
ইসরায়েলি বিমান হামলায় গাজার সাংবাদিক মুহাম্মদ আল তালমাশ শহিদ। ছবি : সাফা

ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার শেখ রিদওয়ান এলাকার সাংবাদিক মুহাম্মদ বশির আল তালমাশ (৪০) শহিদ হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘সাফা’র এই সাংবাদিক মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার ইসরায়েলি বাহিনীর একটি হামলায় শেখ রিদওয়ান এলাকার সড়কের পাশে অবস্থানকালে মুহাম্মদ আল তালমাশসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার জরুরি অস্ত্রোপচার করা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মুহাম্মদ আল তালমাশ ২০০৭ সালে ফিলিস্তিনি মিডিয়া নেটওয়ার্কে সাংবাদিকতা শুরু করেন। ২০০৯ সালে এই নেটওয়ার্কটি ‘সাফা’ সংবাদ সংস্থা হিসেবে যাত্রা শুরু করে এবং তিনি এই সংস্থার সঙ্গেই তার সাংবাদিকতা জীবনের শেষ দিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

দীর্ঘ ১৮ বছরের সাংবাদিকতা জীবনে মুহাম্মদ আল তালমাশ ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক সংকট, ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রাম নিয়ে অসংখ্য প্রতিবেদন লিখেছেন। ইসরায়েলি আগ্রাসন ও কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও তিনি পেশাগত দায়িত্ব পালনে অবিচল ছিলেন। তার পেশাগত মানদণ্ড এবং দেশপ্রেমিক দৃষ্টিভঙ্গি আজও ফিলিস্তিনি সাংবাদিকতার জন্য অনুপ্রেরণার উৎস।

মুহাম্মদ আল তালমাশের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ‘সাফা’ সংবাদ সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এই হত্যাকাণ্ডের জন্য তারা ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

সাংবাদিক মুহাম্মদ আল তালমাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ‘সাফা’ প্রতিশ্রুতি দিয়েছে, সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশে তাদের অঙ্গীকার অবিচল থাকবে।

উল্লেখ্য, এর আগে ‘সাফা’ সংস্থার আরেক সাংবাদিক আকরাম আল-শাফি গত বছরের ৫ জানুয়ারি গাজার কারামা এলাকায় নিজ বাড়ির কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

আরো পড়ুন

বিজ্ঞাপন