গাজার উত্তরাঞ্চলে চলমান সামরিক অভিযানে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সম্প্রচার মাধ্যম।
রোববার এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে সূত্র জানায়, ‘গত অক্টোবর মাসে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে শুরু হওয়া স্থল অভিযানে ৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে অফিসার এবং সৈন্য উভয়ই রয়েছেন।’
এর আগে, রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল উত্তর গাজায় সংঘর্ষের সময় তাদের একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।
সেনাবাহিনীর তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ‘গণবিধ্বংসী যুদ্ধের’ পর থেকে এ পর্যন্ত ৮২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সংখ্যা গাজা, পশ্চিম তীর, লেবানন এবং ইসরায়েলের অভ্যন্তরে সংঘটিত হতাহতের পরিসংখ্যান সহ। একই সময়ে, ৫৫৪১ জন সেনা আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা লুকানোর শক্ত অভিযোগ রয়েছে বরাবরই।
২০২৩ সালের ৫ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার অভিযান চালায়। তাদের দাবি, এ অভিযান হামাসকে ওই অঞ্চলে পুনরায় শক্তি অর্জন থেকে বিরত রাখতে পরিচালিত হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েল উত্তর গাজায় আধিপত্য প্রতিষ্ঠা করে এটিকে একটি সুরক্ষিত অঞ্চল বানাতে চায়। এর মাধ্যমে পরিকল্পিতভাবে এলাকাবাসীকে বাস্তুচ্যুত করার চেষ্টা করছে তারা। এ অভিযান এবং রক্তক্ষয়ী হামলার ফলে ফিলিস্তিনিরা খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সূত্র: ফ্রান্স প্রেস











